যুক্তরাজ্য

Metro
১৬ আগস্ট ২০২৬, ১৪:০৮
আরও খবর

যুক্তরাজ্যে ৩১ আগস্ট নয়, ২৮ আগস্টেই মিলবে বেনিফিটের টাকা

16406__105194239_universalhi043134011.jpeg

ব্যাংক হলিডের কারণে আগেভাগেই মিলবে ইউনিভার্সাল ক্রেডিট, স্টেট পেনশন, পিআইপিসহ একাধিক সরকারি বেনিফিট

যুক্তরাজ্যে লাখ লাখ মানুষ চলতি মাসে তাদের বেনিফিটের টাকা নির্ধারিত সময়ের আগেই পেতে চলেছেন। ব্যাংক হলিডের কারণে ৩১ আগস্টের পরিবর্তে আগামী শুক্রবার, ২৮ আগস্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বেনিফিটের টাকা পরিশোধ করবে সরকার।

ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস (ডিডব্লিউপি) জানিয়েছে, ইউনিভার্সাল ক্রেডিট, স্টেট পেনশন, পার্সোনাল ইন্ডিপেনডেন্স পেমেন্ট বা পিআইপি, অ্যাটেনডেন্স অ্যালাওয়েন্স, ক্যারার্স অ্যালাওয়েন্স এবং ডিজঅ্যাবিলিটি লিভিং অ্যালাওয়েন্স, এসব বেনিফিটের যেসব টাকা ৩১ আগস্ট দেওয়ার কথা ছিল, সেগুলো ২৮ আগস্টই দেওয়া হবে।

৩১ আগস্ট সোমবার ব্যাংক হলিডে হওয়ায় ওই দিন স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম সীমিত থাকবে। বেনিফিটপ্রাপকদের টাকা পেতে যাতে কোনো ধরনের বিলম্ব বা সমস্যা না হয়, সেজন্য সরকার আগেই পেমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সরকার জানিয়েছে, নতুন স্কুল বছর শুরুর আগে পরিবারগুলোকে আর্থিকভাবে পরিকল্পনা করতে সহায়তা করতেই এই আগাম বেনিফিট পেমেন্ট দেওয়া হচ্ছে। এর ফলে বাবা-মা ও কেয়ারাররা প্রয়োজনীয় খরচ আগেভাগে পরিকল্পনা করার সুযোগ পাবেন।

সামাজিক নিরাপত্তা ও প্রতিবন্ধিতা বিষয়ক মন্ত্রী স্যার স্টিফেন টিমস বলেছেন, ব্যাংক হলিডের কারণে যেসব বেনিফিট পেমেন্ট দেওয়ার কথা ছিল, সেগুলো আগেই পরিশোধ করা হবে। এর ফলে ব্যাংক হলিডের সময়েও পরিবার ও বয়স্ক মানুষরা কোনো ধরনের বিঘ্ন ছাড়াই তাদের প্রাপ্য টাকা পাবেন।

বেশিরভাগ স্থানীয় স্কুল ও কাউন্সিল এলাকায় নতুন শিক্ষাবর্ষ ১ সেপ্টেম্বর, মঙ্গলবার শুরু হওয়ার কথা। ফলে স্কুল ইউনিফর্ম, বই-খাতা, যাতায়াতসহ বিভিন্ন খাতে পরিবারগুলোর বাড়তি খরচ তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে জীবনযাত্রার ব্যয় কমাতে সরকার আরও কিছু পদক্ষেপের কথাও জানিয়েছে।

এর মধ্যে রয়েছে বাস ভাড়ার সর্বোচ্চ সীমা ২ পাউন্ডে রাখার উদ্যোগ এবং পরিবারের জ্বালানি বিলের ওপর কর কমানোর ব্যবস্থা। সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডে স্কুল ইউনিফর্মের ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা।

নতুন নিয়ম অনুযায়ী, স্কুলগুলো সর্বোচ্চ তিনটি লোগোযুক্ত পোশাক বাধ্যতামূলক করতে পারবে। এর মধ্যে ব্লেজার, জাম্পার বা স্পোর্টসওয়্যার থাকতে পারে। মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে এর সঙ্গে একটি টাই রাখা যাবে। সরকারের আশা, এই পরিবর্তনের ফলে কিছু পরিবারের প্রতি সন্তানের পেছনে বছরে ৫০ পাউন্ড পর্যন্ত সাশ্রয় হতে পারে।

তাই যারা সাধারণত ৩১ আগস্ট ইউনিভার্সাল ক্রেডিট, স্টেট পেনশন, পিআইপি, অ্যাটেনডেন্স অ্যালাওয়েন্স, ক্যারার্স অ্যালাওয়েন্স বা ডিজঅ্যাবিলিটি লিভিং অ্যালাওয়েন্সের বেনিফিট পেমেন্ট পাওয়ার কথা, তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, এবার সেই টাকা ২৮ আগস্ট, শুক্রবার পাওয়ার কথা।

সরকারের এই সিদ্ধান্তের ফলে ব্যাংক হলিডের আগে বেনিফিটপ্রাপকদের হাতে টাকা পৌঁছে যাবে। নতুন স্কুল বছর শুরু এবং পরিবারের বাড়তি খরচের সময়ে আগাম এই বেনিফিট পেমেন্ট অনেক পরিবারের জন্য আর্থিক পরিকল্পনা সহজ করতে পারে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও