
বগুড়ার অতিথি ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্ট সরবরাহ লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্ল্যান্টের ছাউনি, সিএনজিচালিত অটোরিকশা, নিরাপত্তা দেয়ালসহ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে পাঁচজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে তিনজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শনিবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ইসলামপুর এলাকায় অতিথি ফিলিং স্টেশনে বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্যাস নিতে আসা কয়েকটি সিএনজির চালক ও যাত্রীরা ছোটাছুটি করেন।
জানা গেছে, ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টের ভেতরে হঠাৎই সরবরাহ লাইনে বিস্ফোরণ হয়। এতে প্ল্যান্টের ছাউনি ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় গ্যাস নিতে আসা কয়েকটি অটোরিকশা সেখানে অবস্থান করছিল। সেগুলোও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, গ্যাস রিফিল করার স্থানে বিস্ফোরণ ঘটে। প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
অতিথি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সানোয়ার হোসেন জানান, বিস্ফোরণ কীভাবে ঘটেছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আহত ব্যক্তিদের মধ্যে সিএনজি চালকসহ তিনজনকে উদ্ধার হাসপাতালে পাঠানো হয়েছে।