বাংলাদেশ

সারের দাবিতে কুড়িগ্রামে ফের কৃষকদের সড়ক অবরোধ

16799_IMG_9937.jpeg

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সার বিতরণ শুরু করেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে এ ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা অবরোধের কারণে কুড়িগ্রাম-চিলমারী আঞ্চলিক সড়কে যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয়রা জানান, নতুন অনন্তপুর বাজারের ‘মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজ’ থেকে কৃষকদের সার দেওয়ার কথা ছিল। এ জন্য সকাল থেকেই কৃষকরা সেখানে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু সকাল সাড়ে ৯টা পর্যন্ত ডিলারের লোকজন না আসায় ক্ষুব্ধ হয়ে কৃষকরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। 

সুফিয়া এন্টারপ্রাইজের ব্যবস্থাপক শামসুল আলম বলেন, “সকাল ৯টা বাজতে না বাজতেই কৃষকরা হুড়াহুড়ি শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করেন। প্রশাসন ও পুলিশের সহযোগিতায় বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।”তিনি বলেন, “সারের জন্য কৃষকদের মধ্যে ব্যাপক চাপ রয়েছে। এ বিষয়ে কৃষি বিভাগ ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, “হাতিয়া অনন্তপুর বাজারের সার বিতরণ কেন্দ্রে প্রচুর কৃষকের উপস্থিতির কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কিছুটা হিমশিম খেতে হয়। পরে খবর পেয়ে ইউএনও ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কৃষকদের মধ্যে সুষ্ঠুভাবে সার বিতরণ করা হয়েছে।” 

কয়েকজন কৃষক অভিযোগ করেন, কয়েক দিন ধরে ডিলারের কাছে ঘুরেও তারা সার পাচ্ছেন না। মঙ্গলবার সার দেওয়ার কথা থাকায় সকাল থেকে অপেক্ষা করেও ডিলারের লোকজন না আসায় তারা সড়ক অবরোধ করতে বাধ্য হন।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ সাংবাদিকদের বলেন, “সকাল ৮টায় সার বিতরণের কথা ছিল। কিন্তু প্রচুর চাপ থাকায় ডিলারের লোকজন বিতরণ করতে সাহস পায়নি। তারা আড়ালে ছিল। দেরি হওয়ায় বিক্ষুব্ধ কৃষকরা টায়ার জ্বালিয়ে সড়কে আগুন দেন।” তিনি বলেন, “ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সার বিতরণ শুরু করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

সর্বাধিক পঠিত


ভিডিও