
বগুড়ার মাটিডালিতে মোকছেদুল হাসান হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) শহরতলীর টিএমএসএস হাসপাতাল এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার রহিত হোসেন (২২) সদর উপজেলার বাসিন্দা। তিনি ঠেংগামারা মহল্লার কমল হোসেনের ছেলে। তাকে তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ তথ্য জানিয়েছেন এসআরবি-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ সেপ্টেম্বর মাটিডালি উত্তরপাড়া এলাকায় ফাঁকা গুলিবর্ষণ করে আতঙ্ক ছড়িয়ে হামলার ঘটনা ঘটে। একজনকে কুপিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মোকছেদুল হাসান (৩৮) মাটিডালি বিমান মোড় সিএনজি স্ট্যান্ডের সভাপতি। গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় ৬ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার এড়াতে পালিয়ে আত্মগোপনে ছিল হামলায় জড়িত আসামি।