বাংলাদেশ

ঈশ্বরগঞ্জে মা-বাবাকে নির্যাতনের দায়ে যুবকের কারাদণ্ড

16847_IMG_0092.jpeg

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় মা-বাবাকে মারধর ও নির্যাতনের দায়ে বেলাল মিয়া (৩০) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত বেলাল মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সরতাজ বহেড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য সে মাতাল অবস্থায় প্রায়ই তার মা-বাবাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। এ বিষয়ে ভুক্তভোগী মা-বাবা ছেলের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে নেশা করে মাতাল অবস্থায় বেলাল তার মা-বাবার সঙ্গে অশোভন আচরণ করলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ রানা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ঈশ্বরগঞ্জ থানার এসআই পঙ্কজ চন্দ্র দে সরকার ও এএসআই শামসুজ্জোহার সহায়তায় মাদকসহ বেলালকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ রানা বলেন, বেলালের মাদকাসক্তির কারণে তার পরিবার অতিষ্ঠ ছিল।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, মাদকাসক্ত হয়ে মা-বাবাকে নির্যাতনের বিষয়টি অত্যন্ত গুরুতর। অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে পরিবারের সদস্যদের প্রতি সহিংসতা বা নির্যাতনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।

সর্বাধিক পঠিত


ভিডিও