বাংলাদেশ

দাউদকান্দিতে রয়েল কোচের স্লিপার বাস উল্টে আহত ২৫

16894_IMG_0218.jpeg

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে রয়েল কোচ পরিবহনের একটি স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসের ভেতরে অনেকে আটকা পড়লে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে কাঁচ ভেঙে তাদের উদ্ধার করেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে দাউদকান্দি উপজেলার বেকিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে বিকট শব্দ শুনে বেকিনগর এলাকার বাসিন্দারা মহাসড়কে ছুটে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান রয়েল কোচের এসি স্লিপার বাসটি সড়কজুড়ে উল্টে পড়ে আছে। এ সময় বাসের ভেতর থেকে যাত্রী বিশেষ করে নারী ও শিশুদের কান্নার আওয়াজ আসতে থাকে। বিষয়টি দেখে স্থানীয়া দেরি না করে বাসের জানালার কাঁচ ভেঙে ভেতরে আটকা পড়া যাত্রীদের একে একে বের করে আনেন।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে বাসের যাত্রী করিম বলেন, ভোরের দিকে আমরা বেশিরভাগ যাত্রীই ঘুমে ছিলাম। হঠাৎ বিকট শব্দে বাসটি উল্টে যায়। এতে মুহূর্তেই আমরা একজন অন্যজনের গায়ের ওপর গিয়ে পড়ি। বাসের চালক স্টিয়ারিংয়ের কাছেই রক্তাক্ত ও উল্টো হয়ে আটকে ছিলেন, তখনো বাসের ইঞ্জিন চালু ছিল। পরে স্থানীয় বাসিন্দারা কাঁচ ভেঙে আমাদের বের করে আনেন।

উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা রফিক বলেন, আমরা সকালে কাছেই মাছ ধরতে গিয়েছিলাম। হঠাৎ শব্দ শুনে গিয়ে দেখি বাসের ভেতর মানুষ চিৎকার করছে। এক ছোট শিশু আর হাতে হাত জখম হওয়া এক নারীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। সাময়িকভাবে মহাসড়কে যান চলাচলে কিছুটা ধীরগতি তৈরি হলেও পুলিশি তৎপরতায় তা দ্রুত স্বাভাবিক হয়।

সর্বাধিক পঠিত


ভিডিও