বাংলাদেশ

কানাডায় পোশাক ও বস্ত্র মেলায় বাংলাদেশের ১৩ প্রতিষ্ঠান

16902_IMG_0236.jpeg

কানাডার অন্টারিও প্রদেশের মিসিসাগায় অবস্থিত দ্য ইন্টারন্যাশনাল সেন্টারে বুধবার (২৩ সেপ্টেম্বর) তিন দিনব্যাপী এ বাণিজ্য মেলা শুরু হয়েছে। দেশটির অন্যতম বৃহৎ পোশাক ও বস্ত্র বাণিজ্য মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের ১৩টি তৈরি পোশাক ও বস্ত্র প্রতিষ্ঠান। কানাডায় অনুষ্ঠিত এ মেলা আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জে পি কমিউনিকেশনস ইনকরপোরেটেড আয়োজিত এবারের মেলায় বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহায়তায় দেশের ১৩টি স্বনামধন্য তৈরি পোশাক ও বস্ত্র প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। কানাডিয়ান অ্যাপারেল ফেডারেশন মেলার জাতীয় অংশীদার হিসেবে যুক্ত রয়েছে।

বুধবার বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ হাইকমিশন, অটোয়ার প্রথম সচিব (বাণিজ্যিক) সাখাওয়াত হোসেন ছাড়াও বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা ও বাণিজ্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ হাইকমিশন, অটোয়ার যৌথ উদ্যোগে স্থাপিত পৃথক বুথে বাংলাদেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্যের প্রচারমূলক পুস্তিকা ও তথ্যসামগ্রী প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে কানাডার আমদানিকারক, ক্রেতা ও ব্যবসায়ী প্রতিনিধিদের কাছে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা এবং বহুমুখী রপ্তানি পণ্যের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশ থেকে প্রায় ১০ হাজার বাণিজ্য দর্শনার্থী ও ক্রেতার অংশগ্রহণের কথা রয়েছে। মেলায় ১০০টিরও বেশি বুথে প্রায় ২৫০টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। এবারের মেলার অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে পোশাক ও বস্ত্র শিল্পে সর্বাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী পণ্য এবং পরিবেশবান্ধব ও টেকসই উপকরণের ব্যবহার।

মেলায় অংশ নেওয়া বাংলাদেশের ১৩টি প্রতিষ্ঠান হলো-ডিকে গ্লোবাল ফ্যাশন ওয়্যার লিমিটেড, গ্যাটসবি গ্রুপ, আনে টেক্স বিডি লিমিটেড, নিট ফেয়ার লিমিটেড, ফিয়াট ফ্যাশন লিমিটেড, ওয়ার্পটেক্স বাংলাদেশ, ডুকাটি অ্যাপারেলস লিমিটেড, আশরাফ-উল সোয়েটার (প্রাইভেট) লিমিটেড, এনআরএন নিটিং অ্যান্ড গার্মেন্টস লিমিটেড, জিরো ইয়ার্ডস ইন্টারন্যাশনাল লিমিটেড, এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসআই কম্পোজিট লিমিটেড এবং আমানাহ অ্যাপারেলস।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ মেলায় বাংলাদেশের অংশগ্রহণের ফলে কানাডার বাজারে দেশের তৈরি পোশাক ও বস্ত্রপণ্যের পরিচিতি ও বাজার সম্প্রসারণের সুযোগ বাড়বে। একই সঙ্গে নতুন ক্রেতা ও আমদানিকারকদের সঙ্গে ব্যাবসায়িক যোগাযোগ স্থাপন এবং বাংলাদেশ-কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সম্প্রসারণ ও বহুমুখীকরণে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বাধিক পঠিত


ভিডিও