বাংলাদেশ

ময়মনসিংহে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে দুই যুবকের যাবজ্জীবন

17058_IMG_0665.jpeg

ময়মনসিংহে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলার রায়ে মারুফ ও স্বাধীন নামে দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর)দুপুরে ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ময়মনসিংহ কোতোয়ালি থানা এলাকার মো. মারুফ (২১) ও স্বাধীন (২০)।

মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১২ আগস্ট সকালে ভুক্তভোগীর মা কাজে বের হয়ে যান। ওই দিন দুপুর আনুমানিক ৩টার দিকে মারুফ ও স্বাধীন ঘরে ঢুকে ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। সন্ধ্যায় কাজে থেকে ফিরে ভুক্তভোগীর মা বিষয়টি জানতে পারেন।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার এ রায় দেন।

মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুল করিম চৌধুরী বলেন, সাক্ষ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়ায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁদের শাস্তি দিয়েছেন।

সর্বাধিক পঠিত


ভিডিও