
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের ওপর হামলা করে আবু ছিদ্দিক নামে গ্রেপ্তার হওয়া এক আওয়ামী লীগ নেতাকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে দামুড়হুদা উপজেলার চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পলাতক আবু ছিদ্দিক কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য।
পুলিশ ও স্থানীয়রা জানান, আবু ছিদ্দিককে গ্রেপ্তারের জন্য বুধবার রাতে চণ্ডীপুর এলাকায় অভিযান চালায় দর্শনা থানার একটি দল। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় পরিবারের সদস্যরা।
পুলিশের দাবি, হামলায় তাদের দুই পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশের হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে যান আবু ছিদ্দিক।
সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ নুরুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে আটক করতে গেলে পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এ সময় আমাদের দুইজন পুলিশ সদস্য আহত হন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।