বাংলাদেশ

পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যে পাঁচ আসনে চলছে বিধানসভা উপনির্বাচন

17132_IMG_0843.jpeg

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যের পাঁচটি বিধানসভা আসনে উপনির্বাচন শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোট শুরুর আগে প্রতিটি কেন্দ্রে মক ভোট অনুষ্ঠিত হয়।

ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রতিটি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন রাজ্য পুলিশের সদস্যরাও।

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসনে মোট ভোটার ২ লাখ ৬৬ হাজার ৪১৯ জন। আর মুর্শিদাবাদ জেলার রেজিনগর আসনে ভোটার ২ লাখ ৫৬ হাজার ৫৪৬ জন।

সকালে পরিবারের সদস্যদের নিয়ে রেজিনগরের একটি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর। একইভাবে সকালে নিজের ভোট দেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান।

মিলন প্রধান গণমাধ্যমকে বলেন, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তবে গতকাল রাত থেকেই একটি তাণ্ডব চলছে। ভোট এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

নন্দীগ্রাম আসনে বিজেপির প্রার্থী হাসিরানী রথ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী মোহাম্মদ এতেশামুল হক এবং কংগ্রেসের প্রার্থী মিলন প্রধান। এছাড়া সিপিআইয়ের প্রার্থী শান্তি গোপাল গিরি এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী আলী মোহাম্মদ সাবে মিরাজ খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সঞ্চিতা প্রধান দে-কে প্রার্থী করেছিল। পরে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এরপর কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেন মমতা। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন।

অন্যদিকে, রেজিনগর আসনে বিজেপির প্রার্থী শাখারভ সরকার, মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরী, আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবী আজাদ, ঋতব্রত তৃণমূলের প্রার্থী সফিউজ্জামান শেখ, কংগ্রেসের প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি এবং সিপিআইএমের মনোনীত প্রার্থী সৈয়দ আসাদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম—দুটি আসন থেকেই জয়ী হওয়ার পর নিজের পুরোনো কেন্দ্র নন্দীগ্রামের বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

একইভাবে, আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর মুর্শিদাবাদ জেলার নওদা ও রেজিনগর—দুই আসন থেকে জয়ী হওয়ার পর নওদা আসনটি নিজের কাছে রেখে রেজিনগর ছেড়ে দেন। ফলে শূন্য হওয়া এই দুই আসনেই আজ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ভোট নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, দুটি আসনেই তারা জয়ী হবেন। নন্দীগ্রামে গত নির্বাচনের চেয়ে পাঁচ গুণ বেশি ব্যবধানে জয়ের আশাও প্রকাশ করেন তিনি। রেজিনগরে সংখ্যালঘু ভোটারদের বড় অংশ বিজেপির সঙ্গে না থাকলেও এবার সেখানেও বিজেপি প্রার্থী জয়ী হবেন বলে দাবি করেন তিনি।

পশ্চিমবঙ্গের পাশাপাশি মঙ্গলবার তামিলনাড়ুর দুটি আসন—মাদুরান্তাকম ও ধারাপুরম এবং পুডুচেরির একটি আসন—থাট্টানচাভাদিতেও উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে আসামের নওগাঁও লোকসভা আসনেও উপনির্বাচন চলছে।

সব আসনের ফল আগামী ৯ অক্টোবর ঘোষণা করা হবে।

সর্বাধিক পঠিত


ভিডিও