বাংলাদেশ

আরডিএ বগুড়ায় দক্ষতা উন্নয়নে ৪৫ দিনের প্রশিক্ষণ উদ্বোধন

17143_IMG_0876.jpeg

যুবক ও তরুণদের কর্মমুখী কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ। 

তিনি বলেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে দারিদ্র্য বিমোচনের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে যুবক ও তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার। কর্মসংস্থানের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। 

বগুড়ার আরডিএ আইটি ভবনের সেমিনার রুমে সোমবার বিকেলে দক্ষতা উন্নয়নে ৪৫ দিনের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষতাভিত্তিক, কর্মমুখী, শৃঙ্খলা, দায়িত্ববোধ, আত্মবিশ্বাস ও প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি হবে। 

৪৫ দিনব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন জেলার ৬০ জন অংশগ্রহণ করেছেন। দক্ষতা উন্নয়ন বিষয়ক রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, ইলেকট্রনিক ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স ফর কনস্ট্রাকশন এবং প্লাম্বিং প্রশিক্ষণ কোর্স ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) যুগ্ম পরিচালক রেবেকা সুলতানা, যুগ্ম পরিচালক মহিউদ্দিন, আসাদুজ্জামান, তানবিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। 

জানানো হয়, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং বিষয়ে ২০ জন, ইলেকট্রনিক ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স ফর কনস্ট্রাকশন ২০ জন এবং প্লাম্বিং বিষয়ে ২০ জন প্রশিক্ষণ নিচ্ছেন। কর্মমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের বেকারত্ব হ্রাস পাবে এবং দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন আরডিএ মহাপরিচালক।

সর্বাধিক পঠিত


ভিডিও