
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে।সিনেমা হল সংলগ্ন এলপিজি সিলিন্ডার গ্যাসের গুদাম, ডেকোরেশন দোকান এবং পুরাতন কাপড়ের দোকানসহ একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়ায় এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দিনগত রাত সোয়া ২টার দিকে সিনেমা হলটিতে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, সিনেমা হল সংলগ্ন এলপিজি সিলিন্ডারের গুদাম, ডেকোরেশন সামগ্রীর দোকান, পুরোনো কাপড়ের দোকানসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, সিনেমা হলের পাশের সিলিন্ডারের গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয়রা জানান, রাতের বেলায় হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি থাকায় ব্যবসায়ীরা অনেক মালামাল বের করে আনতে পারেননি।
স্থানীয়ভাবে জানা গেছে, ঝলমল সিনেমা হলটি পৌর শহরের একটি পুরোনো ঐতিহাসিক জমিদার বাড়িতে পরিচালিত হয়ে আসছিল। দীর্ঘদিন ধরে এটি স্থানীয়দের বিনোদনের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত ছিল।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানের মালামাল ও স্থাপনা পুড়ে গেছে। এতে তারা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত ও হিসাব-নিকাশের পর নিশ্চিত হওয়া যাবে।