রাজনীতি

অস্বচ্ছল নারীদের জীবনমানের ইতিবাচক পরিবর্তন সম্ভব : এমপি বাদশা

17166_IMG_0937.jpeg

বগুড়ার বিধবা, প্রতিবন্ধী, অসহায় ও অস্বচ্ছল নারীদের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নসহ আত্মনির্ভরশীল করে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ। নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের প্রতি ভূমিকা আরও শক্তিশালী করতে পারবেন বলে জানিয়েছেন বক্তারা। 

সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন পরিষদ চত্বরে মঙ্গলবার সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে ছাগল বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। 

বক্তব্যে তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করলে অসচ্ছল নারীদের জীবনমানের ইতিবাচক পরিবর্তন সম্ভব। বেকার তরুণ-যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতে উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। বিধবা, প্রতিবন্ধী ও অস্বচ্ছল নারীদের জন্য আয়বর্ধক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি হচ্ছে। তারা অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে পরিবারের আর্থিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। 

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) আর্থিক সহযোগিতায় ও প্রোগ্রাম ফর ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট (পেসড) বাস্তবায়নে প্রকল্পের ১১তম পর্যায়ে ছাগল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার মোরতাজুল করিম বাদরু। 

উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রায়হান, নুনগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আব্দুর রশিদ বজলু, সাধারণ সম্পাদক শাহ আলম জনি, বিএনপি নেতা শামিম হোসেন, আব্দুল খালেক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক বিপুল কর্মকার, সদস্য সচিব শাহিনুর রহমান। 

বক্তারা বলেন, একটি ছাগল শুধু তাৎক্ষণিক সহায়তা নয়। সঠিকভাবে লালন পালনের মাধ্যমে পরিবারের জন্য ভবিষ্যতে আয়ের স্থায়ী উৎস হতে পারে। ছাগল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সুবিধাভোগী নারীরা।

সর্বাধিক পঠিত


ভিডিও