
শুটিং শেষে বাড়ি ফেরার পথে র্যাপিডো ক্যাব নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন টেলিভিশন অভিনেত্রী সম্পিতা প্রামাণিক।
ভাড়া নিয়ে চালকের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে গাড়ি থেকে নামার সময় চালক গাড়ি চালিয়ে দেন বলে অভিযোগ করেছেন তিনি।
এতে চলন্ত গাড়ির সঙ্গে কিছুটা পথ তাকে টেনে নিয়ে যাওয়া হয় বলেও দাবি করেছেন ‘বাঘিনী’ সিরিয়ালের এই অভিনেত্রী।
মঙ্গলবার রাতে সামাজিকমাধ্যমে লাইভে এসে ঘটনার বিস্তারিত জানান সম্পিতা। তার ভাষ্য, ওই রাতে হাজরা মোড়ের বসুশ্রী সিনেমা হলের সামনে থেকে র্যাপিডো ক্যাব বুক করেছিলেন তিনি।
প্রথমে তার গন্তব্য ছিল পার্ক স্ট্রিটে চিকিৎসকের কাছে যাওয়া। তবে শুটিং শেষ হতে দেরি হওয়ায় পরে অ্যাপের মাধ্যমে গন্তব্য পরিবর্তন করে দমদম করেন।
অভিনেত্রীর দাবি, গাড়িতে ওঠার পর চালকের কিছু আচরণ তার কাছে অস্বাভাবিক মনে হয়। একপর্যায়ে দমদম পর্যন্ত না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রবীন্দ্র সরোবরের কাছে নামতে চান তিনি।
কয়েকবার অনুরোধের পর রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে গাড়ি থামানো হয় বলে জানান সম্পিতা।
এরপরই ভাড়া নিয়ে চালকের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সম্পিতার দাবি, অ্যাপে দমদম পর্যন্ত যে ভাড়া দেখানো হয়েছিল, চালক সেটিই দাবি করেন।
কিন্তু তিনি যেহেতু দমদম পর্যন্ত যাননি, তাই যতটুকু পথ এসেছেন সেই অনুযায়ী ভাড়া দিতে চান বলে জানান অভিনেত্রী। এ নিয়েই দুজনের মধ্যে তর্কাতর্কি হয়।
সম্পিতা জানান, তার দুটি ফোন পকেটে থাকলেও শুটিংয়ের ভারী ব্যাগটি গাড়ির ভেতরে ছিল। ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামার সময় হঠাৎ চালক গাড়ি চালিয়ে দেন বলে অভিযোগ তার।
এতে ভারসাম্য হারিয়ে গাড়ির সঙ্গে কিছুটা পথ এগিয়ে যেতে হয় তাকে। অভিনেত্রীর দাবি, ওই সময় সামান্য অসতর্কতা বড় দুর্ঘটনার কারণ হতে পারত।
ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন বলেও জানান সম্পিতা। তার ভাষ্য, হাত-পা কাঁপছিল এবং আশপাশের কয়েকজন মানুষ তাকে পরিস্থিতি সামলাতে সহায়তা করেন। একই সঙ্গে ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র নিয়ে গাড়ি চলে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় র্যাপিডোর নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। তার দাবি, গাড়িতে থাকা অবস্থায় একাধিকবার সেফটি হেল্পলাইনে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে কার্যকর কোনো সহায়তা পাননি। বিপদের সময় নিরাপত্তা সহায়তা না পেলে এমন ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ঘটনার বিষয়ে কালীঘাট থানায় লিখিত অভিযোগ করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন সম্পিতা। পাশাপাশি অভিযুক্ত চালকের বিরুদ্ধে যথাযথ তদন্তের দাবি করেছেন তিনি। তার বক্তব্য, ভবিষ্যতে অন্য কোনো যাত্রী যাতে এমন পরিস্থিতির মুখোমুখি না হন, সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।