
ময়মনসিংহের তারাকান্দায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন (৫৫)নামে এক সিএনজিযাত্রী নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুরের কোদালধর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের কামারিয়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।তিনি সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে তারাকান্দাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে শেরপুর থেকে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলাউদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোরিকশার চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল হক জানান, নিহত ব্যক্তির স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশা থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।