বাংলাদেশ

একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে মৃত্যু দুই ভাই-বোনের

17383_IMG_1430.jpeg

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একই দিনে জন্ম নেওয়া দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে একই দিনে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের চৌধুরীপাড়ায় বাড়ির পাশের একটি পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহত দুই শিশু ওই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে মিফতাহুল জান্নাত এবং জিল্লুর রহমানের ছেলে আব্দুল্লাহ আরাফ। তাদের দুজনেরই বয়স এক বছর ১০ মাস। তারা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই-বোন।

বিষয়টি নিশ্চিত করেছেন তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল।

জানা গেছে, সোমবার সকালে ঘুম থেকে উঠে একসঙ্গে খেলছিল শিশু দুটি। এ সময় তাদের মায়েরা সকালের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা।

পরে পরিবারের সদস্যরা শিশু দুটিকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখেন স্বজন ও স্থানীয়রা।

দুই ভাই-বোনের মৃত্যুতে আহাজারি চলছে পরিবারে। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। সাঁতার না জানা শিশুদের, বিশেষ করে ছোট শিশুদের, সব সময় নজরে রাখার অনুরোধ জানান তিনি।

সর্বাধিক পঠিত


ভিডিও