যুক্তরাজ্য

BBC
২ নভেম্বর ২০২৬, ১৭:১১
আরও খবর

নতুন ILR নীতিতে সন্তুষ্ট নন ফারাজ; পিছু হটার অভিযোগ!

17460_2135377_1.jpeg

যুক্তরাজ্যের নতুন অভিবাসননীতি ও স্থায়ী বসবাসের অনুমতি বা ইন্ডেফিনিট লিভ টু রিমেইন (ILR) নিয়ে সরকারের ঘোষণার তীব্র সমালোচনা করেছেন রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ। শাবানা মাহমুদের ঘোষণাকে ‘বড় ধরনের পিছু হটা’ এবং ‘ইউটার্ন’ বলে মন্তব্য করেছেন তিনি।

হাউস অব কমন্সে শাবানা মাহমুদ যখন নতুন অভিবাসন নীতির বিস্তারিত তুলে ধরছিলেন, তখন নিজস্ব সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন নাইজেল ফারাজ। সেখানে তিনি বলেন, যুক্তরাজ্যে পাঁচ বছর বসবাসের পর ILR পাওয়াকে কোনো অধিকার হিসেবে দেখা উচিত নয়। তাঁর দাবি, সরকারি ভাতা গ্রহণকারী কিছু অভিবাসী এই ব্যবস্থার অপব্যবহার করছেন।

ফারাজের অভিযোগ, শাবানা মাহমুদ এখন রিফর্ম ইউকের অভিবাসননীতির অনুসরণ করছেন। তবে পাঁচ বছর পর স্থায়ী বসবাসের সুযোগ পুরোপুরি বাতিল না করে বিষয়টি আগামী পাঁচ বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাথমিক সংস্কার প্রস্তাবকে কঠোর হিসেবে উল্লেখ করলেও নতুন ঘোষণাকে ‘ক্যাপিটুলেশন’ বা চাপের মুখে নতি স্বীকার বলে আখ্যা দেন ফারাজ। তাঁর দাবি, সরকারের এই পরিবর্তনের ফলে দেশের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে।

এ ছাড়া নতুন নিয়মের আওতায় যারা ILR এবং পরবর্তীতে ব্রিটিশ নাগরিকত্ব পাবেন, তাঁদের সবার অবস্থান পুনরায় পর্যালোচনা করার কথা জানিয়েছেন রিফর্ম ইউকে নেতা। তাঁর দল ক্ষমতায় এলে এসব ব্যক্তিরা ব্রিটিশ অর্থনীতিতে কতটা অবদান রাখছেন, তা যাচাই করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, নতুন ঘোষণায় অধিকাংশ অভিবাসীর জন্য স্থায়ী বসবাসের আবেদনের সময়সীমা ১০ বছর নির্ধারণ করা হলেও নির্দিষ্ট শর্ত পূরণকারী সোশ্যাল কেয়ার কর্মী, উচ্চ আয়ের ব্যক্তি এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতের কিছু কর্মীর জন্য পাঁচ বছরের সুযোগ বহাল রাখা হয়েছে। সরকারের এই পরিবর্তন নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই ফারাজের মন্তব্য নতুন করে অভিবাসননীতি নিয়ে আলোচনা তৈরি করেছে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও