
বগুড়াসহ সারাদেশে নতুন করে ২০টি আইসিইউ স্থাপনের পরিকল্পনা রয়েছে। চিকিৎসক সংকট নিরসনে পদক্ষেপ নিয়েছে সরকার। আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
তিনি জানান, চিকিৎসক নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন গ্রহণ শেষ হয়েছে। সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নিয়োগের সাক্ষাৎকার প্রক্রিয়া চলমান। সম্প্রতি নতুন যোগ দেওয়া ৫০০ চিকিৎসকের মধ্যে ১৭ জনকে বগুড়ায় বিভিন্ন পর্যায়ে পদায়ন করা হয়েছে। পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করা হবে।
বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসজেডএমসি ডে-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটা হয়। মেডিসিন ক্লাব অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ, চিকিৎসা কার্ড উদ্বোধন, মেডিকেল কলেজের কৃতি সাবেক শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান ও শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, শজিমেক হাসপাতালে নতুন আইসিইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ক্যানসার ও লিভারসহ জটিল রোগের উন্নত চিকিৎসার সুযোগ বাড়ানোর বিষয়টি বিবেচনায় আছে। দেশের বড় হাসপাতালগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। ইতোমধ্যে ১৫টি স্থানে কার্যক্রম চলমান। বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রথমে ঢাকার পাঁচটি হাসপাতালে পরীক্ষামূলকভাবে কার্যক্রম চালু করব। পর্যায়ক্রমে দেশের জেলা শহরেও পিপিপি পদ্ধতির সেবা সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও এসজেডএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আহ্বায়ক ডা. মনোয়ারুল কাদির বিটু। বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপি। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ওয়াদুদুল হক তরফদার। প্রধান বক্তা ছিলেন সাবেক অধ্যক্ষ, প্রকল্প পরিচালক ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি ডা. মওদুদ হোসেন আলমগীর। বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান উপস্থিত ছিলেন।