বাংলাদেশ

জানালা দিয়ে মোবাইল ফোন ছিনতাই, ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

17493_76ce79edefa1c9f34ec303be93ff1f0f.jpeg

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৫০) নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বাউলাগঞ্জ শাহাপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শিক্ষক আব্দুর রাজ্জাক তার ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন। ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে থামলে তিনি জানালার পাশে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এ সময় ওত পেতে থাকা কয়েকজন যুবক জানালা দিয়ে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের জন্য তিনি তাৎক্ষণিকভাবে ট্রেন থেকে নেমে ছিনতাইকারীদের পেছনে ধাওয়া করেন। এরই মধ্যে ট্রেনটি ছেড়ে দিলে চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি প্ল্যাটফর্মে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সর্বাধিক পঠিত


ভিডিও