রাজনীতি

বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

17500_IMG_1738.jpeg

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের বিষয়টিকে চরম হাস্যকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না বাংলাদেশ। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দিল্লিতে বাংলাদেশের মিশনের মাধ্যমে ব্রিটিশ আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের সহায়তায় শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় সরকার।

ব্রিটিশ আইনজীবী প্রতিষ্ঠানটির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হুমায়ুন কবির বলেন, কোনো আইনজীবী প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার আগে তার মক্কেলের পরিচয় ও অতীত সম্পর্কে জানা উচিত। শেখ হাসিনার শাসনামলে দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া ওই সময়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনাও ঘটেছে।

আইনজীবী প্রতিষ্ঠানটির প্রতি ইঙ্গিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণের কাছ থেকে লুট করা অর্থের সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রতিনিধিত্বের ক্ষেত্রে পেশাগত নৈতিকতা বিবেচনায় নেওয়া প্রয়োজন।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, দেশে ফিরতে চাইলে তাকে ভারত সরকারের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশে হস্তান্তরের অনুরোধ জানাতে হবে। এরপর দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

এদিকে যুক্তরাজ্যে আওয়ামী লীগের লবিং কার্যক্রম প্রসঙ্গে হুমায়ুন কবির দাবি করেন, ব্রিটিশ পার্লামেন্টের ৩৫০ জনের বেশি সদস্যের মধ্যে মাত্র পাঁচ থেকে ছয়জনকে ভুল তথ্য দিয়ে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল। পরে জনসংযোগ প্রতিষ্ঠানের দেওয়া তথ্যের অসংগতি প্রকাশ পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বিব্রতকর অবস্থায় পড়েন বলে মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার ক্ষেত্রে সাধারণ পাসপোর্ট আবেদনের মাধ্যমে দেশে ফেরার বিষয়টি কার্যকর হবে না। তাঁকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়াই অনুসরণ করবে সরকার।

সর্বাধিক পঠিত


ভিডিও