
ঠিকাদারের কাছ থেকে ‘উপহার’ গ্রহণের বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর বক্তব্যকে ঘুষকে বৈধতা দেওয়ার অপচেষ্টা হিসেবে আখ্যা দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানায় টিআইবি।
বিবৃতিতে বলা হয়, গত ১০ নভেম্বর এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয়, তা গ্রহণ করা যায়।
টিআইবির প্রশ্ন, সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে উপহারের নামে ব্যক্তিগত সুবিধা গ্রহণের পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী কি ঘুষকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন?
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া ও বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা সরকারি প্রকৌশলীদের নিয়মিত দায়িত্ব। এ কাজের জন্যই তাঁরা জনগণের অর্থে বেতন-ভাতা পান। তাই দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহার নেওয়ার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানোর দায়িত্ব যাঁদের, চাকরির শুরুতেই তাদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত উপার্জনের পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা ও আইনের লঙ্ঘন। এমন বক্তব্য মাঠপর্যায়ে ঘুষকে উৎসাহিত করার পাশাপাশি দুর্নীতির বিস্তার ঘটাতে পারে।
ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, দণ্ডবিধির ১৬১ ও ১৬৫ ধারায় সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে অবৈধ সুবিধা গ্রহণ এবং সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে মূল্যবান বস্তু নেওয়ার ক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে। এ ছাড়া সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর কোনো বিধানই দাপ্তরিক দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে ঠিকাদারের কাছ থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ দেয় না।
প্রতিমন্ত্রীর বক্তব্যে স্বার্থের সংঘাতের আশঙ্কা তুলে ধরে তিনি বলেন, যে ঠিকাদারের কাজ একজন প্রকৌশলী তদারকি করেন, তার কাছ থেকে ব্যক্তিগত সুবিধা নিলে প্রকৌশলীর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে। এতে কাজ তদারকি ও বিল প্রত্যয়নের সিদ্ধান্ত প্রভাবিত হওয়ার পাশাপাশি ঠিকাদার ও প্রকৌশলীদের যোগসাজশে দুর্নীতি বাড়ার ঝুঁকি রয়েছে।
প্রতিমন্ত্রীর বক্তব্যে একজন সিনিয়র সচিবের পরামর্শের প্রসঙ্গ উল্লেখের বিষয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, এমন পরামর্শ দেওয়া হয়ে থাকলে ওই কর্মকর্তার পেশাগত সততা ও নৈতিক যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গেও সাংঘর্ষিক।
বিবৃতিতে প্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বক্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে টিআইবি।
পাশাপাশি প্রতিমন্ত্রীর আনুষ্ঠানিক ব্যাখ্যা ও জবাবদিহি নিশ্চিত করা এবং তার বক্তব্যে উল্লেখ করা সিনিয়র সচিবের পরামর্শের সত্যতা যাচাই করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।