যুক্তরাজ্য

Mirror
১১ নভেম্বর ২০২৬, ১৮:১১
আরও খবর

যুক্তরাজ্যে ধেয়ে আসছে আর্কটিক শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে মাইনাস ৫ ডিগ্রিতে

17525_ice.jpg

যুক্তরাজ্যজুড়ে হানা দিতে যাচ্ছে তীব্র শীত। আর্কটিক অঞ্চল থেকে আসা হিমশীতল বাতাসের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনে শৈত্যপ্রবাহ, তুষারপাত, কুয়াশা ও তীব্র ঠান্ডার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে আগামী কয়েক দিন দেশের উত্তর ও মধ্যাঞ্চলে শীতের প্রকোপ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

গত মঙ্গলবার কর্নওয়ালের ক্যামবোর্নে তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও কয়েক দিনের ব্যবধানে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় ভোরের দিকে ঘন কুয়াশা এবং ঘাস ও রাস্তায় তুষার জমতে দেখা যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রাতের তাপমাত্রা অনেক শহর ও জনপদে শূন্য ডিগ্রির নিচে নেমে যেতে পারে। গ্রামীণ এলাকায় তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রি পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

এদিকে, যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইউকেএইচএসএ উত্তর-পশ্চিম ইংল্যান্ড ও ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলের জন্য মৌসুমের প্রথম শীতকালীন স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত এসব এলাকায় হলুদ সতর্কতা কার্যকর থাকবে। সংস্থাটি জানিয়েছে, তীব্র ঠান্ডার কারণে স্বাস্থ্য ও সামাজিক সেবা কার্যক্রমে কিছুটা প্রভাব পড়তে পারে। বিশেষ করে বয়স্ক, অসুস্থ ও শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ মানুষের জীবন ও স্বাস্থ্যের ওপর বাড়তি ঝুঁকি তৈরি হতে পারে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার স্কটল্যান্ডের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব স্কটল্যান্ডের পাহাড়ি এলাকায় তুষারপাতের পাশাপাশি কিছু সময় অপেক্ষাকৃত নিচু এলাকাতেও তুষার পড়তে পারে। উত্তর স্কটল্যান্ডে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি, উত্তর আয়ারল্যান্ডে ৬ ডিগ্রি, দক্ষিণ ওয়েলসে ৫ ডিগ্রি এবং ইংল্যান্ডের অধিকাংশ এলাকায় ৩ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। স্কটল্যান্ডের উত্তর ও পূর্বাঞ্চলে দমকা হাওয়া এবং শেটল্যান্ড এলাকায় ঝোড়ো বাতাসের পূর্বাভাসও রয়েছে।

আবহাওয়াবিদ ক্লেয়ার নাসির জানিয়েছেন, বৃহস্পতিবার দেশের অনেক এলাকায় হিমশীতল সকাল দিয়ে দিন শুরু হতে পারে। দক্ষিণ উপকূলের কিছু এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকার পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার দক্ষিণাঞ্চলে বাতাসের গতি কিছুটা কমতে পারে। যদিও দিনের শুরুতে বিভিন্ন এলাকায় তীব্র ঠান্ডা ও তুষারপাতের পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত যুক্তরাজ্যে বৃষ্টিপাত ও ঝোড়ো আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানিয়েছে মেট অফিস। আগামী ২৫ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আটলান্টিক থেকে আসা আবহাওয়াব্যবস্থার কারণে বিভিন্ন সময়ে বৃষ্টি ও শক্তিশালী বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।

ডিসেম্বরের দিকে দেশের উত্তরাঞ্চলে উচ্চচাপ বলয় শক্তিশালী হলে আবহাওয়ার ধরনে পরিবর্তন আসতে পারে। সে সময় উত্তরাঞ্চলে বৃষ্টিপাত কিছুটা কমলেও মধ্য ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা দক্ষিণাঞ্চলে স্বাভাবিকের কাছাকাছি বা কিছুটা বেশি থাকলেও উত্তর দিক থেকে শীতল আবহাওয়া ধীরে ধীরে দেশের দক্ষিণাঞ্চলেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও