
রাজধানীর লালমাটিয়া থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজিজুল ইসলামের বাড়ি যশোরের কেশবপুরে। ১৯৯৫ সালে জন্ম নেওয়া আজিজুল ইসলাম তৎকালীন সময়ে আওয়ামী লীগের সর্বকনিষ্ঠ এমপি হিসেবে পরিচিত পেয়েছিল।
আজিজুল ইসলামের গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ। তিনি বলেন, ‘আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।’
ডিবি পুলিশের তথ্যমতে, আজিজুলের বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।
তথ্যমতে, মাত্র ২৭ বছর বয়সে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন আজিজুল। ২৮ বছর ৮ মাস ২৩ দিন বয়সে হন সংসদ সদস্য। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তার জন্ম তারিখ ১৯৯৫ সালের ১৫ এপ্রিল। পিতা খন্দকার রফিকুজ্জামান ও মাতা ফরিদা বেগমের ৯ সন্তান। চার ভাই ও পাঁচ বোনের মধ্যে এমপি আজিজ সবার ছোট।
আজিজুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের স্নেহভাজন হিসেবে পরিচিত ছিলেন আজিজুল ইসলাম। তিনি একসময় বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে তিনি জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
উইকিপিডিয়ার তথ্যমতে, আজিজুল ইসলাম যশোর জেলার কেশবপুর পৌরসভার ব্রহ্মকাটি গ্রামে একটি মুসলিম পরিবারে ১৫ এপ্রিল ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা খন্দকার রফিকুজ্জামান একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তার পিতা ২০১৬ সালে মৃত্যুবরণ করেন। তার ৩ ভাই রয়েছে। তিনি কিশোর বয়সে আশরাফুল উলূম মাদরাসার হিফজ বিভাগে পড়াশোনা করেছেন। পরে বুড়ীহাটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি ও কেশবপুর ডিগ্রি কলেজে থেকে ২০১২ সালে এইচএসসি পাস করেন। পরে পাঁজিয়া কলেজ থেকে ২০১৫ সালে ডিগ্রি শেষ করেন তিনি।
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজিজুল যশোর-৬ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।