
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত ব্যক্তিদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দলের দু-একজন চাঁদাবাজ ও মাদক কারবারির কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না। এসব ব্যক্তির কারণে তাঁর আদর্শে গড়ে ওঠা দলকে নস্যাৎ হতে দেওয়া যায় না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। আইন মেনে স্বাধীনভাবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
মন্ত্রী আরও অভিযোগ করেন, কিছু মাদক কারবারি ও চাঁদাবাজ বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম চালাচ্ছে। দলের দুঃসময়ে তারা পাশে থাকবে না। তাদের কেউ কেউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছে এবং দলটিকে আশ্রয় দিচ্ছে বলেও দাবি করেন তিনি।
এ ধরনের ব্যক্তিদের বিএনপিতে প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে ওই চক্র আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিল।
অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৯৫ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন আইনমন্ত্রী।
এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।