বিশেষ খবর


ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’-এর ‘ট্রাম্প’ বানান ভুল করল চিড়িয়াখানা কর্তৃপক্ষ

15571_image_295151_1779978790 Large.jpeg

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়া অ্যালবিনো জাতের সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ স্থান পেয়েছে রাজধানীর মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়।

তবে চিড়িয়াখানার ৭ নম্বর শেডে মহিষটিকে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করার পর দেখা দেয় এক নতুন বিপত্তি। চিড়িয়াখানা কর্তৃপক্ষের তৈরি করা তথ্য বোর্ডে মহিষটির ইংরেজি নামে এক অদ্ভুত ও হাস্যকর বানান ভুল ধরা পড়ে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের দেওয়া পরিচিতি ফলকে মহিষটির বাংলা নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ লেখার পরিবর্তে টাইপিং ভুলের কারণে লেখা হয়েছে ‘ডোনাল্ড ট্টাম্প’! ট্রাম্প বানানের 'ট্র' যুক্ত অক্ষরের পরিবর্তে 'ট্ট' যুক্তাক্ষর ব্যবহার করায় পুরো নামের অর্থই বদলে গেছে।

বিষয়টি চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের নজরে এলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নতুন করে হাস্যরস ও নতুন ট্রেন্ড ছড়িয়ে পরে।

প্রসঙ্গত, প্রায় ৭০০ কেজি ওজনের এই বিরল গোলাপি-সাদা অ্যালবিনো মহিষটির মাথায় সোনালি রঙের চুল এবং চোখের ভিন্নধর্মী বৈশিষ্ট্যের কারণে খামারিরা শখ করে এর নাম রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে।

মহিষটি কোরবানির উদ্দেশ্যে বিক্রি হলেও সেটিকে একনজর দেখতে মানুষের উপচে পড়া ভিড় এবং বিশৃঙ্খলার আশঙ্কায় সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি সংরক্ষণের সিদ্ধান্ত নেয়।

মহিষটির ক্রেতাকে তার প্রাপ্য টাকা বুঝিয়ে দিয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের মাধ্যমে বুধবার (২৭ মে) রাতে এটিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

চিড়িয়াখানায় মহিষটির ‘ডোনাল্ড ট্টাম্প’ লেখা বোর্ডটি দেখার পর থেকে দর্শনার্থী এবং নেটিজেনদের মধ্যে নানা রসাত্মক মন্তব্য দেখা যাচ্ছে। অনেকে বলছেন, 'কোরবানি থেকে বাঁচলেও ট্রাম্পের নামের সম্মান বাঁচল না!' আবার অনেকে বিষয়টিকে কর্তৃপক্ষের চরম গাফিলতি হিসেবে দেখছেন।

সর্বাধিক পঠিত


ভিডিও