যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে আমেরিকার জড়ানো উচিত হয়নি: ট্রাম্প

15603_IMG_4429.jpeg

ইরাক ও ইরান যুদ্ধে মার্কিন বাহিনীর জড়ানো উচিত হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান বিষয়ে নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনাকালে তিনি এই মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘ইরাকে যা ঘটেছে তা আপনারা দেখছেন। আমরা সেখানে অত্যন্ত খারাপ করেছি। আমরা যা করেছি, তা ছিল খুবই বোকার মতো কাজ।,

উল্লেখ্য, প্রথমত আমাদের সেখানে (ইরাকে) যাওয়াই উচিত হয়নি।’

এরপর ইরানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের ইরানে থাকা উচিত হয়নি, তবে ইরানের সেই সক্ষমতা রয়েছে। আমরা যদি ৯ মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে তাদের ওপর হামলা না করতাম, তাহলে এই মুহূর্তে তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকত। আর তেমনটি হলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো। সম্ভবত তখন আপনারা ইসরাইলকে পেতেন না, এমনকি মধ্যপ্রাচ্যকেও পেতেন না। এরপর তারা সেখান থেকে কোথায় যেত?’

সাক্ষাৎকারে ট্রাম্প আরো দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছা করেই ইরানের সামরিক বাহিনীকে রেহাই দিয়েছে।

এ বিষয়ে তিনি বলেন, ‘তাদের সামরিক বাহিনীকে আমরা এক প্রকার স্পর্শ করিনি, কারণ আমরা মনে করি তাদের সামরিক বাহিনী কিছুটা নরমপন্থি। তাদের অন্যান্য লোকজন রয়েছে যারা নরমপন্থি নয়। আমরা তাদের লক্ষ্যবস্তু করেছি এবং নেতৃত্বের বিভিন্ন স্তরকে সরিয়ে দিয়েছি। তবে তাদের সামরিক বাহিনীকে আমরা আসলে কিছুই করিনি।’

ট্রাম্প আরো বলেন, ‘মানুষ হয়তো এ কথা শুনে অবাক হবে। কারণ যুদ্ধে এমন কিছু ভুল হয়ে থাকে, যেখানে আপনি সবাইকে নিশ্চিহ্ন করে দেন এবং এর ফলে এমন একটি দেশের সৃষ্টি হয়, যা হয়তো পরবর্তী ৪০ বছরেও আর পুনর্গঠিত হতে পারে না।’



 

সর্বাধিক পঠিত


ভিডিও