
কাতারের উপহার দেওয়া বোয়িং ৭৪৭ উড়োজাহাজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের বিমান হিসেবে উন্মোচন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিমানটিকে ‘আকাশে উড়ন্ত হোয়াইট হাউস’ হিসেবে বর্ণনা করেন।
মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে বিমানটি পরিদর্শন শেষে ট্রাম্প বলেন, নতুন প্রজন্মের এয়ার ফোর্স ওয়ান বহর চালু না হওয়া পর্যন্ত এটি প্রেসিডেন্টের সরকারি বিমান হিসেবে ব্যবহৃত হবে। মাত্র ১০ মাসের মধ্যে বিমানটিকে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন প্রেসিডেন্টের উড়োজাহাজে রূপান্তর করা হয়েছে। খবর গালফ নিউজের।
তিনি বলেন, ‘এটি এমন এক উড়োজাহাজ, যা ভাসমান হোয়াইট হাউসে পরিণত হয়েছে। এর বিলাসিতা ও সক্ষমতা আগে কেউ দেখেনি। মাত্র ১০ মাসে কাজটি সম্পন্ন হয়েছে।’
ট্রাম্পের দাবি, এটি এ পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় এয়ার ফোর্স ওয়ান এবং আগের প্রেসিডেন্টের বিমানগুলোর তুলনায় আরও দ্রুত।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের হিসাবে, বিমানটির মূল্য প্রায় ৪০ কোটি মার্কিন ডলার। এ উপহারের জন্য কাতারের আমিরকে ধন্যবাদ জানান ট্রাম্প। অনুষ্ঠানে তিনি বিমানটির আধুনিক অভ্যন্তরীণ সাজসজ্জা ও বিভিন্ন প্রযুক্তিগত সুবিধাও তুলর ধরেন।
তিনি আরও জানান, আগামী বছর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক ফ্লাইওভারে বিমানটি অংশ নিতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জানিয়েছে, ‘ভিসি-২৫বি ব্রিজ’ নামে পরিচিত বিমানটি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্সিয়াল এয়ারলিফট গ্রুপে যুক্ত হয়েছে। পূর্ণাঙ্গ দায়িত্ব গ্রহণের আগে এটি কয়েকটি কমিশনিং ফ্লাইট সম্পন্ন করবে।
বিমানটিতে নতুন লাল, সাদা ও নীল রঙের নকশা প্রয়োগ করা হয়েছে। পাশাপাশি প্রেসিডেন্টের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় সরকারি পরিবর্তন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে বিমান বাহিনী।