বিশেষ খবর


ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

16099_WhatsApp Image 2026-07-19 at 2.06.54 AM.jpeg

শহীদদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে: রাষ্ট্রদূত রকিবুল হক।

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী শনিবার সকালে দূতাবাস প্রাঙ্গণে এই বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দূতাবাসের কর্মকর্তারা দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর পাঠানো লিখিত বাণী পাঠ করে শোনান। আলোচনা সভায় উপস্থিত বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের এই অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. রকিবুল হক শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, "শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।" এ সময় তিনি জুলাই আন্দোলনে ইতাল প্রবাসী বাংলাদেশিদের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করে তাঁদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভার শেষ অংশে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও মোনাজাতের মধ্য দিয়ে রোম দূতাবাসে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সর্বাধিক পঠিত


ভিডিও