তথ্য ও প্রযুক্তি

বিনা মূল্যের ভেরিফায়েড ব্যাজ নিয়ে আসছে ফেসবুক

16154_IMG_8365.jpeg

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া কনটেন্ট, নকল প্রোফাইল এবং নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে ফেসবুকে নতুন একটি বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ চালু করছে মেটা। নতুন এই ব্যবস্থা প্রকৃত ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করার জন্য চালু করা হচ্ছে এবং এর জন্য কোনো অর্থ পরিশোধ করতে হবে না।

শুক্রবার (২৪ জুলাই) ফেসবুকের প্রধান টম অ্যালিসন এক ঘোষণায় জানান, নতুন ভেরিফিকেশন প্রক্রিয়ায় ব্যবহারকারীকে একটি সেলফি ভিডিও জমা দিতে হবে। ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে সেই ভিডিও বিদ্যমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে মাত্র কয়েক মিনিট সময় লাগতে পারে।

 

মেটার তথ্য অনুযায়ী, এই ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং তার অ্যাকাউন্টকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে। পরিচয় যাচাই সম্পন্ন হলে ব্যাজটি ফেসবুক মার্কেটপ্লেস, ডেটিংসহ প্ল্যাটফর্মের বিভিন্ন স্থানে প্রদর্শিত হবে।

 

তবে মেটা জানিয়েছে, নতুন এই ব্যাজ আগের ভেরিফায়েড ব্যাজের মতো কোনো সেলিব্রিটি, প্রতিষ্ঠান বা কনটেন্টের অনুমোদনের প্রতীক নয়। এটি শুধুমাত্র অ্যাকাউন্টের পেছনে একজন প্রকৃত ব্যক্তি রয়েছেন—এটি নিশ্চিত করার জন্য ব্যবহার করা হবে। পাশাপাশি এটি মেটার অর্থের বিনিময়ে দেওয়া ‘মেটা ভেরিফায়েড’ সেবারও বিকল্প নয়।

 

প্রতিষ্ঠানটি বলছে, বর্তমানে প্রতারকরা জেনারেটিভ এআই ব্যবহার করে বাস্তবসম্মত ছবি, পরিচয় ও কাল্পনিক তথ্য দিয়ে ভুয়া প্রোফাইল তৈরি করছে। এসব অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে বিপুল পরিমাণ বার্তা ছড়িয়ে প্রতারণার ঘটনা বাড়ছে। নতুন ভেরিফিকেশন ব্যবস্থা এ ধরনের জালিয়াতি কমাতে সহায়ক হবে বলে আশা করছে মেটা।

 

এদিকে, ফেসবুকের ব্যবহারকারীদের জন্য টিকটকের আদলে নতুন ফুল-স্ক্রিন ইমারসিভ ভিডিও অভিজ্ঞতাও পরীক্ষামূলকভাবে চালুর ঘোষণা দিয়েছে মেটা। নির্বাচিত কিছু ব্যবহারকারী প্রথমে এই সুবিধা পাবেন এবং চাইলে আবার আগের ফিডভিত্তিক ইন্টারফেসে ফিরে যেতে পারবেন।

 

মেটা জানিয়েছে, নতুন বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পেজ বা প্রোমোটেড অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য হবে না। ফিচারটি সোমবার থেকে ধাপে ধাপে চালু হবে। শুরুতে এটি সীমিত কয়েকটি বাজারে পাওয়া যাবে, পরে পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারণ করা হবে।

সর্বাধিক পঠিত


ভিডিও