
ইতালির আরেজ্জো সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিক ও নবনির্বাচিত কাউন্সিলার রাসেল আহমেদ-কে আরেজ্জোবাসীর উদ্যোগে এক আন্তরিক গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক প্রবাসীসহ ইতালীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন কমিউনিটি ব্যক্তিত্ব আব কারিম ও এনাইয়া আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরেজ্জো সিটি কর্পোরেশনের মেয়র মারচেল্লো কমানদোচ্ছি এবং কমুনি দি আরেজ্জোর ভাইস সিন্দাকো Francesco Gamurrini
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব জন পাল (রাজীব), জামাল কাসেম, রাজীব, নিয়াম উল্লাহ, মনিরুজ্জামান, আল আমিন খন্দকার, সোহরাব আহমেদ, রুবেল আহমেদ, ফরহাদ, কলি আহমেদ, সাদেকুর রহমান, এহসান উল হক, জালাল আহমেদ, আসাদুজ্জামান লিটন, মিয়া সোহাগ সহ কমিউনিটির আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি মেয়র মারচেল্লো কমানদোচ্ছি প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশি কমিউনিটি ইতালির অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিতে ইতিবাচক অবদান রেখে চলেছে। ভবিষ্যতে ইতালি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
সংবর্ধনার জবাবে নবনির্বাচিত কাউন্সিলার রাসেল আহমেদ বলেন, “আমি একজন বাংলাদেশি হিসেবে গর্ববোধ করি। আমি শুধু বাংলাদেশিদের নয়, সকল দেশের অভিবাসীদের সুখে-দুঃখে পাশে থেকে তাদের যেকোনো সমস্যা সমাধানে কাজ করতে চাই। মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য।”
তিনি উপস্থিত সকলের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন এবং আরেজ্জো শহরের উন্নয়ন ও বহুজাতিক কমিউনিটির কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা রাসেল আহমেদের এই বিজয়কে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গৌরবময় অর্জন হিসেবে উল্লেখ করেন এবং তাঁর সফলতা কামনা করেন। এবং আরেজ্জো বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মিনহাজ হোসেন
ইতালি প্রতিনিধি