
বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন ডিজিটাল সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। টানা দ্বিতীয় দিনের মতো এ সমস্যার কারণে ভোগান্তিতে পড়েছেন কোটি কোটি ব্যবহারকারী। ইমেইল, ফাইল সংরক্ষণ, অনলাইন যোগাযোগ ও অফিসের দৈনন্দিন কাজসহ মাইক্রোসফটের একাধিক গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত হচ্ছে। এতে ব্যক্তি ব্যবহারকারীর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিমান সংস্থার কার্যক্রমেও প্রভাব পড়েছে।
গতকাল সন্ধ্যায় শুরু হওয়া এ সমস্যার পর বিশ্বজুড়ে প্রযুক্তি সেবার পরিস্থিতি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে অভিযোগের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। বিশেষ করে আউটলুক ইমেইল ও মাইক্রোসফট টিমস ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন অনেকেই। মাইক্রোসফট জানিয়েছে, সমস্যা সমাধানে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন আসেনি। তবে সর্বশেষ হালনাগাদে সার্ভারের স্থিতিশীলতা কিছুটা উন্নত হওয়ার ইতিবাচক লক্ষণ দেখা গেছে।
মাইক্রোসফটের নিজস্ব সেবার অবস্থা পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মাইক্রোসফট ৩৬৫-এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাপে এখনো সমস্যা রয়েছে। এর মধ্যে রয়েছে আউটলুক ডটকম, ওয়ানড্রাইভ, ওয়াননোট, মাইক্রোসফট টু ডু এবং টিমস। ব্যবহারকারীদের কেউ কেউ সংরক্ষিত ফাইল ব্যবহার করতে পারলেও অনেকেই ইমেইল পাঠানো ও গ্রহণে সমস্যার মুখে পড়ছেন। পাশাপাশি ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক সংস্করণ ব্যবহারকারীদের জন্য শেয়ারপয়েন্ট অনলাইন, অ্যাপস অ্যাডমিন সেন্টার, মাইক্রোসফট প্ল্যানার এবং শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন সেবাও ব্যাহত হচ্ছে।
যুক্তরাজ্যেও এ বিপর্যয়ের প্রভাব পড়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবায়। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বৈশ্বিক মাইক্রোসফট সেবা বিভ্রাটের কারণে তাদের ওয়েবসাইটের কিছু অনলাইন ফরম জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। কয়েকটি স্থানীয় কাউন্সিল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এনএইচএসের জিপি সার্জারিতেও বিঘ্নের খবর পাওয়া গেছে।
এনএইচএসের পক্ষ থেকে রোগীদের পাঠানো বার্তায় জানানো হয়েছে, মাইক্রোসফটের সমস্যার কারণে চিকিৎসকদের অনলাইন পরামর্শ গ্রহণের প্ল্যাটফর্ম র্যাপিড হেলথ ব্যবহার করতে পারছেন না কিছু জিপি সার্জারি। ফলে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ও চিকিৎসাসেবা গ্রহণেও ভোগান্তি তৈরি হয়েছে। তবে যুক্তরাজ্য সরকার জানিয়েছে, এ ধরনের পরিস্থিতিতে সেবার বিঘ্ন কমাতে তাদের বিকল্প ব্যবস্থা ও জরুরি পরিকল্পনা রয়েছে।
বিমান পরিবহন খাতেও এর প্রভাব পড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিগো, আকাসা এয়ার এবং সেমএয়ারসহ কয়েকটি বিমান সংস্থা ইমেইল সহায়তা ও যোগাযোগ ব্যবস্থায় সমস্যার কথা জানিয়েছে। তবে এখন পর্যন্ত ফ্লাইট পরিচালনায় বড় ধরনের প্রভাব পড়ার তথ্য পাওয়া যায়নি। এদিকে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই এবং প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকও মাইক্রোসফটের ওপর নির্ভরশীল কিছু সেবার সমস্যার কারণে বিঘ্নের কথা জানিয়েছে।
মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিপর্যয়ের পেছনে কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি। বরং প্রতিষ্ঠানটির কিছু সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ায় সেবার ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। এর ফলে পুরো অবকাঠামোর ওপর চাপ বেড়ে যায় এবং বিভিন্ন সেবা ব্যাহত হয়। প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, অভ্যন্তরীণ কোনো প্রযুক্তিগত ত্রুটি কিংবা সফটওয়্যার হালনাগাদের সমস্যাও এর কারণ হতে পারে।
এদিকে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ ধরনের পরিস্থিতিকে কাজে লাগাতে পারে সাইবার অপরাধীরা। বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটির নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলা বিষয়ক জ্যেষ্ঠ প্রভাষক বেভারলি গ্রিফিথস বলেছেন, মাইক্রোসফটের সেবা বিপর্যয়ের সুযোগ নিয়ে প্রতারকরা ভুয়া ইমেইল বা বার্তা পাঠিয়ে ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তনের অনুরোধ করতে পারে। এমনকি মাইক্রোসফটের আনুষ্ঠানিক সহায়তা কেন্দ্রের পরিচয় ব্যবহার করেও প্রতারণার চেষ্টা হতে পারে।
তিনি ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, যেকোনো তথ্য বা নির্দেশনা পাওয়ার ক্ষেত্রে সেটির উৎস যাচাই করা জরুরি। বিশেষ করে অপরিচিত ইমেইল বা বার্তার মাধ্যমে পাসওয়ার্ড পরিবর্তন কিংবা ব্যক্তিগত তথ্য চাওয়া হলে সেগুলোতে সাড়া দেওয়া উচিত নয়। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়েরই বিকল্প যোগাযোগ ব্যবস্থা এবং আগাম প্রস্তুতি থাকা প্রয়োজন।
মাইক্রোসফটের সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে, অবকাঠামোর একটি অংশে প্রমাণীকরণ ও নেটওয়ার্ক রাউটিং ব্যবস্থার একটি ত্রুটি সংশোধনের পর সার্ভারের স্থিতিশীলতায় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। বর্তমানে সংশোধিত ব্যবস্থা আরও বিস্তৃত করার কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রকৌশলীরা জরুরি ভিত্তিতে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্পূর্ণ সেবা পুনরুদ্ধারের নির্দিষ্ট সময় এখনো জানায়নি মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সমস্যা পুরোপুরি সমাধান হওয়ার পর এর মূল কারণ, ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় প্রতিরোধে নেওয়া পদক্ষেপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।
এদিকে প্রযুক্তি দুনিয়ার এই বড় বিপর্যয় সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। মাইক্রোসফটের সেবা বন্ধ হয়ে যাওয়ার পর ব্যবহারকারীদের অনেকে পুরোনো প্রযুক্তিগত সমাধান ‘বন্ধ করে আবার চালু করা’র কথা উল্লেখ করে মজার সব মন্তব্য ও ব্যঙ্গাত্মক পোস্ট শেয়ার করছেন। তবে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন কাজ ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যক্রম মাইক্রোসফটের ডিজিটাল সেবার ওপর নির্ভরশীল হওয়ায় এ বিপর্যয় প্রযুক্তিগত অবকাঠামোর নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।