
দাদার স্বপ্নপূরণে মাত্র ১১ বছর বয়সেই হাফেজ হয়েছে আবদুল্লাহ আল রাইয়ান নামে এক মাদ্রাসাছাত্র। চলতি মাসেই পবিত্র কোরআনের হিফজ শেষ করে সে।
জানা গেছে, দাদা মরহুম ইছমাইল মাস্টারের স্বপ্নপূরণে হাফেজ হওয়ার সংকল্প করেছিল রাইহান। সে লক্ষীপুরের রায়পুর উপজেলার মাতাব্বর হাট এলাকার মো. মোবারক হোসেন ও সাহিদা আক্তার রুনা দম্পতির প্রথম সন্তান এবং তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা লক্ষ্মীপুর শাখার ছাত্র।
আবদুল্লাহ আল রাইয়ানের বাবা মোবারক হোসেন বলেন, ‘আমার বাবা ইছমাইল মাস্টারের স্বপ্ন ছিল তার নাতি যেন পবিত্র কোরআনের হাফেজ হয়। বাবা বেঁচে নেই, কিন্তু আমার ছেলে পবিত্র কোরাআনের হাফেজ হয়েছে। এজন্য মহান আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি।’
রাইয়ানের শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে যেন সে একজন প্রকৃত আলেম হতে পারে সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মোবারক হোসেন।
তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা লক্ষ্মীপুর শাখার শিক্ষক ওয়ালী উল্লাহ বলেন, ‘আবদুল্লাহ আল রাইয়ান মেধাবী ছাত্র। পবিত্র কোরআনে হাফেজ হওয়ার জন্য তার অক্লান্ত পরিশ্রম আমাদের মুগ্ধ করেছে। তার ব্যবহারও ভালো। ভবিষ্যতে সে একজন দ্বীনদার কামেল হিসেবে তৈরি হবে এমনটা প্রত্যাশা।’