
২০২৭ সালের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি প্যাকেজ-১-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং প্যাকেজ-২-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ ঘোষণা দেন। এ সময় ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই প্যাকেজে খরচ পড়বে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। বেসরকারি ব্যবস্থায় এজেন্সিগুলো পারস্পরিক আলোচনার ভিত্তিতে অতিরিক্ত তিনটি প্যাকেজ ঘোষণা করতে পারবে।
মন্ত্রী বলেন, হজ প্যাকেজ-১-এ হজযাত্রীদের মক্কায় হারাম শরিফের বহিঃচত্বর থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন সুবিধা দেওয়া হবে। মিনায় জোন-২-এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫ থেকে ৪০ দিন।
তিনি বলেন, অতিরিক্ত অর্থ পরিশোধ সাপেক্ষে রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের সুবিধা নেওয়া যাবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।
হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী) প্রসঙ্গে তিনি বলেন, এই প্যাকেজ হজ প্যাকেজ-১-এর চেয়ে কিছুটা সুলভ। এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হারাম শরিফের বহিঃচত্বর থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। মিনায় জোন-৫-এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে।
তিনি বলেন, হোটেলের অবস্থান দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুসারে সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
বেসরকারি তথা হজ এজেন্সির মাধ্যমে হজযাত্রীদের জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে বলেও জানান ধর্মমন্ত্রী।