
প্রভাবশালী আমেরিকান ধনকূপতি ও যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে সম্পর্কিত একাধিক কেলেঙ্কারিতে অভিযুক্ত ফরাসি মডেল স্কাউট ড্যানিয়েল সিয়াদকে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। বুধবার প্যারিসের অদূরে অবস্থিত নিজ বাসস্থান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নানতেরের প্রসিকিউটর দপ্তর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। পুলিশ বর্তমানে মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে এবং মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
সামাজিক ও ফ্যাশন অঙ্গনে চরম বিতর্কের সৃষ্টি করা প্রকাশিত 'এপস্টাইন ফাইলসে' সিয়াদের নাম এক হাজারের বেশি বার উল্লেখ করা হয়েছে। এপস্টাইনের হয়ে তরুণী ও নারীদের পাচার এবং শোষণে সহায়তা করার অভিযোগে ফ্রান্সে যে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছিল, সিয়াদ ছিলেন তাঁদের অন্যতম। যদিও তিনি শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছিলেন এবং নিজের নির্দোষিতা প্রমাণের জন্য আদালতে বক্তব্য রাখার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
সম্প্রতি ফাঁস হওয়া ২০১৪ সালের একটি বার্তা আদান-প্রদানে সিয়াদকে এপস্টাইনের কাছে নারী সংগ্রাহক হিসেবে কাজ করার ধরনকে 'মাছ ধরার' সঙ্গে তুলনা করতে দেখা যায়। ওই বার্তায় তিনি সুইডেন, স্লোভাকিয়া, ফ্রান্স ও চীনের একাধিক নারীর বিবরণ দেন, যার জবাবে এপস্টাইন সিয়াদকে তাঁর সমস্ত খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তী সময়ে অবশ্য সিয়াদ দাবি করেন যে এপস্টাইন তাঁর বিশ্বাসের সুযোগ নিয়েছিলেন।
উল্লেখ্য, সিয়াদ মূলত বিতর্কিত মডেলিং এজেন্ট জাঁ-লুক ব্রুনেলের অধীনে কমিশন ভিত্তিতে কাজ করতেন। ব্রুনেলকেও আগে এপস্টাইনের হয়ে নাবালিকা ধর্ষণ ও পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিচার চলাকালীন কারাগারেই আত্মহত্যা করেন ব্রুনেল। এপস্টাইন নিজেও ২০১৯ সালে মার্কিন কারাগারে বিচার চলাকালীন আত্মহত্যা করেছিলেন। এবার সিয়াদের এই রহস্যজনক মৃত্যুতে এপস্টাইন চক্রের আন্তর্জাতিক পাচার নেটওয়ার্ক সংক্রান্ত তদন্ত নতুন মোড় নিল।