
হাসপাতালে সংক্ষিপ্ত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। সরকারের কড়া নিরাপত্তা ব্যবস্থার মাঝেও পিটিআই কর্মীদের বিক্ষোভের জেরে এই নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়।
আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন কারাবন্দি ৭৩ বছর বয়সী পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। এ কারণে শুক্রবার ভোরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে রাজধানী ইসলামাবাদের সরকারি পিআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাকে বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়ার কথা ছিল। তবে তথমন্ত্রী আতাউল্লাহ তারারের দাবি অনুযায়ী, পিটিআই কর্মীদের বিক্ষোভের কারণে ‘নিরাপত্তা উদ্বেগ’ তৈরি হওয়ায় তাকে শেষ পর্যন্ত সরকারি পিআইএমএস হাসপাতালেই নিয়ে যাওয়া হয়। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের নিয়ে গঠিত একটি বিশেষ মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করেছে।
পরীক্ষা-নিরীক্ষা শেষে ইমরানকে ‘ম্যাডিক্যালি ফিট’ ঘোষণা করেন চিকিৎসকেরা। এ সময় তার বোন উজমা খান হাসপাতালে উপস্থিত ছিলেন। এর আগে কারাগার থেকে পাঠানো একটি স্বাস্থ্য প্রতিবেদনে তার রক্তচাপের ওঠানামা এবং পারিবারের সঙ্গে সীমিত যোগাযোগ থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল।
উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি রয়েছেন পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক। বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলছে। ইমরান এবং তার দল বরাবরই এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।