আন্তর্জাতিক

বাংলাদেশ লাগোয়া ‘চিকেন্স নেকে’ নতুন মহাসড়ক বানাবে ভারত

16545_IMG_9247.jpeg

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল যোগাযোগের মাধ্যম ‘শিলিগুড়ি করিডোর’ বা ‘চিকেনস নেক’-এর সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করতে বিশেষ আর্থিক অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধান ধমনীতুল্য জাতীয় সড়ক ২৭-এর সমান্তরালে একটি ৩১ কিলোমিটার দীর্ঘ, চার লেনের নতুন হাইওয়ে নির্মাণের জন্য প্রায় ২ হাজার কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে।

নেপাল ও বাংলাদেশ দ্বারা বেষ্টিত এবং চীন ও ভুটান সীমান্তের কাছাকাছি অবস্থিত এই সংকীর্ণ ভূখণ্ডটি ভারতের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার জন্য অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি এক ফেসবুক বার্তায় জানিয়েছেন, নতুন এই হাইওয়ে নির্মাণের জন্য মোট ২০৭৭.১৮ কোটি রুপি অনুমোদন করা হয়েছে। ৩১.০২ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি জাতীয় সড়ক ৩২৭ নামে পরিচিত হবে, যা পানিটাঙ্কি ও খড়িবাড়ি হয়ে বাগডোগরা থেকে বিহারের গলগলিয়াকে সংযুক্ত করবে ও জাতীয় সড়ক ২৭ থেকে ২০-৩০ কিলোমিটার দূরত্ব বজায় রেখে সমান্তরালে চলবে।

৬০ কিলোমিটারের মতো দীর্ঘ শিলিগুড়ি করিডোরটি সবচেয়ে সংকীর্ণ স্থানে মাত্র ২০-২২ কিলোমিটার প্রশস্ত। অত্যন্ত স্পর্শকাতর এই করিডোরটির গুরুত্ব উল্লেখ করে মন্ত্রী গড়করি লেখেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরে অবস্থিত এই প্রকল্পটি উত্তর-পূর্ব ভারতের সংযোগকে জোরদার করবে এবং নেপাল, ভুটান ও বাংলাদেশের দিকে যাতায়াত ব্যবস্থার উন্নতি ঘটাবে।

তিনি আরও যোগ করেন, চার লেনের এই মহাসড়কটি চালু হলে বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি ও পানিটাঙ্কির যানজট কমবে। এটি বাগডোগরা বিমানবন্দর ও অঞ্চলের প্রধান কেন্দ্রগুলোর সঙ্গে যোগাযোগ উন্নত করবে এবং কৃষি, উদ্যানপালন, চা ও অন্যান্য স্থানীয় পণ্যের দ্রুততম বাজারজাতকরণ নিশ্চিত করবে।

প্রকল্পটির অধীনে তিনটি বড় সেতু, একটি রোড ওভারব্রিজ, পাঁচটি হাতি চলাচলের জন্য বিশেষ আন্ডারপাস ও হাইওয়ের উভয় পাশে সার্ভিস রোড নির্মাণ করা হবে। কার্শিয়াং বন বিভাগের আওতাধীন বেশকিছু এলাকা হাতির প্রধান পারাপার অঞ্চল হিসেবে চিহ্নিত হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে, যা দ্রুতগামী যানবাহনের ধাক্কায় বন্যহাতির প্রাণহানি ও আহত হওয়ার ঝুঁকি অনেকটাই কমাবে।

সাম্প্রতিক সময়ে, বিশেষ করে ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কেন্দ্র সরকার শিলিগুড়ি করিডোরে প্রতিরক্ষা ব্যবস্থা ও অবকাঠামো জোরদার করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এর আগে বারাণসী থেকে নিউ জলপাইগুড়ি (এনজেপি) পর্যন্ত একটি হাই-স্পিড রেলওয়ে করিডোর, শিলিগুড়ির কাছে ৩৫ কিলোমিটারের ভূগর্ভস্থ রেললাইন ও মালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চতুর্থ রেললাইন পাতার অনুমোদন দেওয়া হয়েছিল।

প্রতিরক্ষা ও আঞ্চলিক বিশেষজ্ঞদের মতে, জাতীয় সড়ক ২৭-এর বিকল্প ও সমান্তরাল আরও একটি চার লেনের মহাসড়ক তৈরি হওয়ার ফলে এই কৌশলগত অঞ্চলে ভারতের প্রতিরক্ষা পরিবহন ও পণ্য সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত হবে। পাশাপাশি এটি উত্তরবঙ্গের অর্থনৈতিক অবকাঠামো শক্তিশালী হবে। সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

সর্বাধিক পঠিত


ভিডিও