আন্তর্জাতিক

সৌদিতে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

16722_IMG_9708.jpeg

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের আওতায় নিজেদের সুরক্ষায় সৌদি আরবের আত্মরক্ষার ‘অন্তর্নিহিত অধিকার’ রয়েছে বলে জানিয়েছে পরিষদ। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদের সদস্যরা সৌদি ভূখণ্ডে হুতিদের অব্যাহত হামলার নিন্দা জানান। এসব হামলায় বেসামরিক ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নারী ও শিশুসহ বেসামরিক মানুষ আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে সৌদি আরবের পাশে থাকার কথা জানিয়ে বলা হয়, আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে আত্মরক্ষার অধিকার দেশটির রয়েছে। সৌদি ভূখণ্ডে বেসামরিক মানুষ ও স্থাপনায় হামলার মুখে দেশটির প্রতি সংহতিও প্রকাশ করে পরিষদ।

একই সঙ্গে নিরাপত্তা পরিষদ লোহিত সাগর ও বাব আল-মানদাব প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা ও হুমকির নিন্দা জানায়। আন্তর্জাতিক আইন, বিশেষ করে সমুদ্র আইনবিষয়ক জাতিসংঘ কনভেনশন (ইউএনক্লস) মেনে চলতে এবং নৌযান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হুতিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

হুতিদের কাছে অস্ত্র, প্রশিক্ষণ বা অর্থায়ন পৌঁছানো বন্ধে ইয়েমেন সরকারসহ সংশ্লিষ্টদের সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে নিরাপত্তা পরিষদের ২২১৬ নম্বর প্রস্তাব অনুযায়ী হুতিদের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। 

এদিকে ইয়েমেনে মানবিক পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়েছে নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরু থেকে হুতিদের সামরিক অভিযানের কারণে দেশজুড়ে অন্তত ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

হুতিদের হাতে আটক জাতিসংঘের ৭৩ কর্মীসহ জাতিসংঘ, বেসরকারি সংস্থা ও নাগরিক সমাজের কর্মীদের ‘নিঃশর্ত, নিরাপদ ও অবিলম্বে’ মুক্তির দাবিও পুনর্ব্যক্ত করেছে পরিষদ।

নিরাপত্তা পরিষদ বলেছে, সৌদি ভূখণ্ডে হুতিদের হামলা, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুমকি এবং বাব আল-মানদাবের কাছে তাদের সামরিক অগ্রগতি সংঘাত আরও বিস্তৃত করতে পারে। এতে সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্য হুমকির মুখে পড়ার পাশাপাশি ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার আন্তর্জাতিক উদ্যোগও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

ইয়েমেনের সংকটের রাজনৈতিক সমাধানে জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গের প্রচেষ্টার প্রতিও নিরাপত্তা পরিষদ সমর্থন জানিয়েছে। 

সাম্প্রতিক সময়ে ইয়েমেনে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর সৌদি আরবে হুতিদের হামলা বেড়েছে। গত ৮ সেপ্টেম্বরের হামলায় সৌদির দক্ষিণাঞ্চলের কয়েকটি শহর ও জ্বালানি অবকাঠামোয় হামলায় ৭৩ জন আহত হন। এরপরও নিয়মিত হামলা চালানো হয়। ১৪ সেপ্টেম্বরের হামলায় আরও ১৩ জন বেসামরিক নাগরিক আহত হন এবং কয়েকটি বাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

সর্বাধিক পঠিত


ভিডিও