সিলেট

সিলেটে সাদা পাথরে গোসলে নেমে চিকিৎসক নিখোঁজ

15936_Bholaganj-SadaPathor-4.jpg

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে এক চিকিৎসক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে সাদা পাথরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ চিকিৎসক সুব্রত সাহা বিকাশ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে।

জানা গেছে, চার বন্ধু মিলে ঢাকা থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র দেখতে এসেছিলেন তারা। বৃহস্পতিবার সাদা পাথর পর্যটন কেন্দ্রে যান তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পাথর পর্যটন কেন্দ্রে বিজিবির ক্যাম্পের সামনে গোসল করতে নামেন তাদের মধ্যে তিনজন। নদীতে সাঁতার কাটতে কাটতে একপর্যায়ে পানির প্রবল স্রোতের মধ্যে চলে যান তারা। এ সময় অন্য দুজন সাঁতরে উঠতে পারলেও সুব্রত প্রবল স্রোতে পানির নিচে তলিয়ে যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা তাকে উদ্ধারে কাজ করছেন।

এ বিষয়ে ভোলাগঞ্জ টুরিস্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম বলেন, সাদা পাথরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে চেষ্টা করছে।

সর্বাধিক পঠিত


ভিডিও